নোয়াখালী জেলার চাটখিলের ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোসলেহ উদ্দিন ফারুকের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে তার বাড়ির বিল্ডিং এর পাশে এই মৃতদেহ পাওয়া গেছে। মোসলেহ উদ্দিন বারইপাড়া গ্রামের সামছুল হক পিএলওর ছেলে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, মোসলেহ উদ্দিন ফারুক জাসদ রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি কোন দলের সাথে জড়িত নন। চেয়ারম্যান পদ ছেড়ে তিনি আমেরিকায় চলে যান এবং তিনি সেখানে নাগরিকত্ব লাভ করেন। বর্তমানে তার ছেলে আমেরিকায় ও মেয়ে লন্ডনে বসবাস করেন। তিনি ও তার স্ত্রী গত এক বছর থেকে তার নিজ বাড়িতে বসবাস করেছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ সকালে তার মৃতদেহ তার বাড়ির বিল্ডিং এর পাশে পাওয়া যায়।
এলাকাবাসী এ খবর থানা পুলিশকে জানালে আজ সকাল ৯টায় চাটখিল সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল মামুন ও চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় আনেন। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এএসপি (চাটখিল সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
ইত্তেফাক/এমআই
