কাহালুতে পিকআপ ভ্যানের চাপায় ট্রাক চালক নিহত

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৪:৫৬
বগুড়ার-সান্তাহার সড়কের কাহালু উপজেলায় বগুড়াগামী মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের চাপায় আব্দুর রাজ্জাক নামে (৩৪) এক ট্রাক চালক নিহত হয়েছেন। বিবিরপুকুর বাজার বাসস্ট্যান্ডের পাশে গত বৃহস্পতিবার শেষ রাতে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, নিহত ট্রাক চালক রাজ্জাক নওগাঁ থেকে ওই ট্রাকটি (যশোর-ট, ১১-১৪৫৮) চালিয়ে নিয়ে বগুড়া আসার পথে কাহালুর বিবিরপুকুর বাজার বাসস্ট্যান্ডের পাশে পৌঁছার পরপরই ট্রাকের একটি চাকায় ত্রুটি দেখা দেয়। চালক আ. রাজ্জাক সেখানে সড়কের পাশে ট্রাকটি রেখে চাকা পাল্টানোর কাজ করছিলেন। এ সময় রাত আড়াইটার দিকে একই দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (বগুড়া-ম,১১-০০৯৯) চালক রাজ্জাককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। নিহত আব্দুর রাজ্জাক বগুড়া জেলার শাহজানপুর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের বাবলুর পুত্র বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। 
 
ইত্তেফাক/এমআই