নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৭:২৪
রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। 
 
শুক্রবার দুপুরে খানপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে দুই শিক্ষার্থীর পরিবারের মধ্যে উপস্থিত হয়ে সান্ত্বনা দেয়াসহ আর্থিক অনুদান দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 
 
মৃত দুই শিক্ষার্থী হলো- বাঘা উপজেলার আড়াইচান্দপুর গ্রামের মন্টু আলীর ছেলে সুমন আলী (১৭) ও একই উপজেলার খানপুর গ্রামের চাঁদ সর্দারের ছেলে মনিরুল ইসলাম (১৫)। এদের মধ্যে সুমন উচ্চ মাধ্যমিক ও মনিরুল দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 
 
রাজশাহীর সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, মৃত দুই শিক্ষার্থীই হতদরিদ্র পরিবারের সন্তান। তারা অন্যের জমিতে কাজ করার পাশাপাশি পড়া শোনাও করত। শুক্রবার সকালে তারা দুজন বাঘার খেয়াঘাট হয়ে চরাঞ্চলে পাট কাটতে যায়। এ সময় তাদের সঙ্গে আরো ৪৫ থেকে ৫০ জন শ্রমিক নৌকায় ওঠে। কিন্তু মাঝ নদীতে গিয়ে নৌকাটি ডুবে যায়। এরপর অন্যরা সাঁতরে তীরে উঠতে পাররেও দুই শিক্ষার্থী নদীতে তলিয়ে যায়।
 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ বলেন, লাশ উদ্ধারের পর প্রথমে খানপুর বাজারে নিয়ে যাওয়া হয়। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
ইত্তেফাক/ইউবি