পাবনার সাঁথিয়া ডিগ্রী কলেজে শুক্রবার বিকেলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় প্রক্সি দিতে এসে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে দায়িত্বরত কর্মকর্তা। তারা হলো আমিন পুর থানার নুরুন্নবী (২৬) ও আতাইকুলা থানার শোলাবাড়িয়া গ্রামের নজির উদ্দিনের মেয়ে অনার্সের ছাত্রী সাবিনা খাতুন (২০)।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সাঁথিয়া ডিগ্রী কলেজে অনুষ্ঠিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ শ্রেণির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষায় সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়।
আটককৃরা জানায় তারা টাকার বিনিময়ে উপজেলার গাঙ্গুহাটি গ্রামের তজিমুদ্দিনের ছেলে মোকছেদ আলী ও তার স্ত্রী মাহফুজা খাতুন রিপু'র পরীক্ষা দিয়ে আসছিল। তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আরাফাত রহমান ভুয়া পরীক্ষার্থী নুরুন্নবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং সাবিনাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/জামান
