প্রতিবন্ধী পাপন আলী ৭৫ বছরে এসেও পায়নি বয়স্ক ভাতা

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৬:২৪
 
অজ্ঞাত রোগে দুই পা হারানো প্রতিবন্ধী পাপন আলী ৭৫ বছর বয়সেও পায়নি বয়স্ক ভাতার কার্ড। এমনটি জুটেনি কোন প্রতিবন্ধী ভাতা ও ভিজিএফ কার্ড। স্ত্রীকে নিয়ে কোন দিন খেয়ে আবার কোন দিন না খেয়ে জীবন যাপন করছেন পাপন আলী।
 
নিজের বাড়ি ও জমিজমা না থাকায় থাকেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজের নিচে একটি ঝুপড়ি ঘরে। শুক্রবার ব্রিজের নিচে গিয়ে দেখা গেছে, পাপন আলী তার স্ত্রীকে নিয়ে ঝুপড়ি ঘরের সামনে বসে আছেন।
 
পাপন আলী ও তার স্ত্রী জানান, গত ১০ বছর পূর্বে তার শরীরে অজ্ঞাত রোগ বাসা বাঁধে। অভাবের সংসারে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি। আস্তে আস্তে তার পায়ে পচন ধরে। ফলে অজ্ঞাত এই রোগে তার দুটি পা কেটে ফেলতে হয়। অসহায় হয়ে পরেন পাপন আলী। স্বামীকে নিয়ে স্ত্রী কি করবে কোথায় গিয়ে দাঁড়াবে তার কোন কুল-কিনারা পাচ্ছিলেন না। শেষে নিরুপায় হয়ে পুষ্টকামুরী ত্রিমোহন এলাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজের নিচে এক ঝুঁপরি ঘরে ঠাই হয়। তার স্ত্রী এ বাড়ি সে বাড়ি ভিক্ষাবৃত্তি করে স্বামীকে দু-মুঠো ভাত দেওয়ার চেষ্টা করে আসছেন।
 
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'হতদরিদ্র বৃদ্ধ পাপন আলীর ব্যাপারে আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
 
ইত্তেফাক/জামান