পীরগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৬জন গ্রেফতার

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১১:০৮
পীরগঞ্জ থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ছোরা, রেঞ্জ, লোহার রড কাটার মেশিনসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। 
 
শুক্রবার রাতে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সেনুয়া বাজার এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ওমর ফারুক ওরফে রাজু ওরফে রাজিব (২৮), গোপালগঞ্জ জেলার ফিরোজ হোসেন (৩৮), বগুড়ার জাকিরুল ইসলাম (২৮), ঝালকাঠির মো. দেলেয়ার (৪৫), ফরিদপুরের মো. বাদশা (২৯), বরগুনা জেলার নাইমুল ইসলাম কিবরিয়া (২৮)। 
 
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, ‘পীরগঞ্জের রাজিবের নেতৃত্বে সংগঠিত হয়ে বিভিন্ন বাসা-বাড়ি ও মোবাইল টাওয়ারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। এসময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।’
 
ইত্তেফাক/এমআই