‘গাঁজার স্বর্গরাজ্য’ গড়ে তোলা হচ্ছে যুক্তরাষ্ট্রে

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১১:৫৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ছোট্ট এক শহর ‘নিপটন’। সম্প্রতি ৫০ লাখ ডলার দিয়ে পুরো এই শহরটিই কিনে নিয়েছে গাঁজা দিয়ে বিভিন্ন পণ্য প্রস্ততকারক একটি কোম্পানি। অ্যামেরিকান গ্রিন নামের ওই কোম্পানি এবার ঘোষণা দিয়েছে, ‘আমাদের লক্ষ্যই হলো শহরটিকে গাঁজার স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলা।’
IMG0
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সেখানকার ১২০ একর জমির মালিক হবে কোম্পানিটি। এই এলাকার মধ্যে রয়েছে একটি স্কুল, একটি হোটেল এবং বেশ কয়েকটি দোকান। এই কোম্পানির আরো একটি লক্ষ্য হচ্ছে শহরের সবকিছু সৌর ও বায়ু-শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানী দিয়ে চালানো। ‘পরিবেশ-বান্ধব এক শহর হিসেবে নিপটনকে গড়ে তোলার ব্যাপারে আমরা খুব উত্তেজনা বোধ করছি’ এক বিবৃতিতে একথা বলেছেন অ্যামেরিকান গ্রিনের প্রেসিডেন্ট ডেভিড গাথার। ‘এখানে গাঁজার বিপ্লব হবে। আমরা এমনভাবে এই বিপ্লব ঘটাবো ঊনবিংশ শতাব্দীতে যেমন সোনার বিপ্লব হয়েছিলো সেরকম’ বলেন তিনি।
IMG1
উল্লেখ্য, গোল্ড রাশের সময় নিপটন শহরটি গড়ে উঠেছিলো। এর আশেপাশে যখন মূল্যবান ধাতব পদার্থ মেটাল পাওয়া গেলো তখনই এটি বদলে যেতে শুরু করে। নিপটন শহরটি ক্যালিফোর্নিয়া ও নেভাদার সীমান্তে। এর জনসংখ্যা মাত্র ২০। শহরটি নতুন করে গড়ে তুলতে অ্যামেরিকান গ্রিন সেখানে ২৫ লাখ ডলার বিনিয়োগ করতে চায়। তাদের লক্ষ্য এটিকে পর্যটকদের জন্যে আকর্ষণীয় এবং পরিবেশে-বান্ধব করে গড়ে তোলা। তাছাড়া ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের একটি যেখানে মারিজুয়ানা বৈধ পণ্য হিসেবে বিবেচিত। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু