বগুড়ায় নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির আট নেতা গ্রেপ্তার

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৫:২০
বগুড়ার শিবগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে উপজেলা বিএনপির আট নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত একটা থেকে তিনটা পর্যন্ত উপজেলা সদরের বানাইল ও কিচকে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। 
 
আটকরা হলেন- শিবগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল রাজ্জাক, সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মিঠু, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি দোজা ফকির, যুগ্ম  সাধারণ আবদুল আলীম এবং থানা ছাত্রদলের সহ-সভাপতি শাহিনুর রহমান রবি।   
 
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, বিএনপির নেতারা নাশকতা করার জন্য কিচক বন্দরে একটি গোপন বৈঠক করছিলেন। বৈঠকের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরে পুলিশ রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 
এদিকে শবগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই। বিগত দিনেও তারা কোনো নাশকতার সঙ্গে জড়িত ছিল না। কিন্তু পুলিশ হয়রানি করার জন্য গভীর রাতে ঘমুন্ত এসব নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে হয়রানি করছে।
 
ইত্তেফাক/এমআই