জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগ। শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। শেখ কামাল শাহীন স্কুল থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এইচ, এস, সি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি.এ. (অনার্স) পাস করেন। যুদ্ধের পর তিনি সেনাবাহিনী ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। সেখান থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মাত্র ২৬ বছর বয়সে তিনি নৃশংসভাবে সপরিবারে হত্যার শিকার হন।
ইত্তেফাক/ রেজা আকাশ
