অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘নীতি-নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হলে একদিকে যেমন দেশ ও জাতি উপকৃত হবে, তেমনি সমাজের সকল অসঙ্গতিও দূর করা যাবে।’
ভুল সংবাদ পরিবেশনে ব্যক্তি, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে এএমএ মুহিত বলেন, এজন্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত।
শুক্রবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের নতুন দৈনিক পত্রিকা ‘শুভ প্রতিদিন’ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
‘শুভ প্রতিদিনের’ নতুন পথচলায় সিলেটের সকল মানুষের সার্বিক সহযোগিতা কামনা করে এএমএ মুহিত বলেন, সংবাদপত্রের মাধ্যমে সমসাময়িক সমাজ তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চিত্র ফুটে ওঠে। তিনি ‘শুভ প্রতিদিন’ পত্রিকার নিয়মিত প্রকাশনা অনন্তকাল অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকরা আপোস করলে চলবে না। এক্ষেত্রে দেশপ্রেমকে অগ্রাধিকার দিতে হবে।
ইত্তেফাক/এএম।
