দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে না পারায় এলোপাতাড়ি গুলিতে মো. আবদুর রহিম (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিমের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ বীজবাগ গ্রামের মুন্সি বাড়ির আলী মুন্সির ছেলে।
জানা গেছে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে আফ্রিকার প্রিটোরিয়ায় ওই ঘটনাটি ঘটে। শুক্রবার দেশের বাড়িতে মৃত্যুর সংবাদ পৌঁছুলে শুরু হয় শোকের মাতন। নিহত আবদুর রহিম চার ভাই এক বোনের মধ্যে চতুর্থ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় দুই ভাইয়ের ব্যবসায় সহযোগীতা করতে সাত বছর আগে দক্ষিণ আফ্রিকা যান আবদুর রহিম। বৃহস্পতিবার দুপুরে একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকানে এসে মোটা অংকের চাঁদা দাবি করে। এ সময় সে চাঁদা দিতে অস্বীকার করলে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আবদুর রহিম গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। এ সুযোগে সন্ত্রাসীরা দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে তার অপর ভাইয়েরা স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আবদুর রহিমের স্বজন আশফাকুজ্জামান মহন। লাশ দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।
ইত্তেফাক/নূহু
