পাইকগাছা-বেতবুনিয়া সড়কের শিবসা ব্রিজের অ্যাপ্রোচ সড়ক জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিজের দুই পাশের সড়কে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যাতায়াতে চরম দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
উল্লেখ্য, উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে পাইকগাছা-বেতবুনিয়া সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক। পাশাপাশি সোলাদানা, লতা, দেলুটি ও গড়ইখালী ইউনিয়নবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম এ সড়কটি। তাছাড়া বিভিন্ন পর্যটকরাও এ সড়ক দিয়ে সুন্দরবনে যাতায়াত করে থাকে। সড়কের উপজেলা সদরের প্রাণ কেন্দ্রেই ঐতিহ্যবাহী শিবসা নদীর উপর রয়েছে শিবসা ব্রিজ। ব্রিজ নির্মাণের পর দুই পাশের এ্যাপ্রোস সড়ক সংস্কার করা হয়নি। ফলে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যার কারণে চলাচলে চরম দুর্ভোগে রয়েছেন যাতায়াতকারীরা। ভিলেজ পাইকগাছা গ্রামের মাসুদ পারভেজ জানান, এ্যাপ্রোস সড়কের যে জরাজীর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে তাতে মনে হয় সড়কটি দেখার যেন কেউ নেই। নছিমন চালক আলমগীর হোসেন জানান, এতো বেশি এবং গভীর গর্তের সৃষ্টি হয়েছে ধাক্কায় অনেক সময় যানবাহন থেকে যাত্রীরা পড়ে যাওয়ার উপক্রম হয়। এ জন্য অনেক সময় মালবাহি ছোট ছোট ট্রলি ও নছিমন-করিমন পাল্টি দিয়ে খাদে পড়ে যায়।
সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক জানান, পার্শ্ববর্তী উপজেলাসহ অত্র এলাকার হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু এ্যাপ্রোস সড়কের জরাজীর্ণতার কারণে সংস্কারের ব্যাপারে ইতোমধ্যে লিখিতভাবে একাধিকবার উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার বিভাগকে অবহিত করেছি।
উপজেলা প্রকৌশলী আবু সাঈদ বলেন, এ্যাপ্রোস সড়কের সংস্কারের বিষয়টি অধিক প্রাধান্য দেয়া হয়েছে এবং চলতি অর্থবছরের মধ্যেই সংস্কার কাজ শুরু করা হতে পারে বলে স্থানীয় সরকার বিভাগের এ কর্মকর্তা জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
