মহম্মদপুরের পাঁচ সড়ক বেহাল, ১৭ গ্রামের মানুষের দুর্ভোগ

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ০২:৩৯

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ১৭ গ্রামের ৪০ হাজার মানুষের চলাচলের প্রায় ১৬ কিঃমিঃ লম্বা পাঁচটি কাঁচা সড়কের অবস্থা বেহাল। বৃষ্টির সময় এ রাস্তার এমন অবস্থা হয় যে বাজার করার মতো অবস্থা থাকে না। ফলে ঘরে টাকা থাকতেও অনেককে না খেয়ে থাকতে হয়। তাই অনেকে বলেন- এই গ্রামে দেওয়া নামলি খাওয়া বন্ধ। গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের এসব গুরুত্বপূর্ণ কাঁচা সড়কে বর্ষাকাল এলেই চাষ দেয়া ধান ক্ষেতের মতো হয়ে যায়। কাদা থিকথিক করে। এ কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

 

কেউ অসুস্থ হলে কোলে করে এই কাদায় ভরা পথ পার করতে হয়। উত্পাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারেন না। স্কুলে কমে যায় শিক্ষার্থীদের উপস্থিতি। উপজেলা সদর থেকে পাকা রাস্তা ধরে তিন কিঃমিঃ গেলেই বালিদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। এ এলাকায় মূল সড়ক ছাড়া গ্রামের মধ্যে যাওয়া সবগুলো সড়কই কাঁচা। এসব সড়ক বর্ষাকালে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

 

বালিদিয়া ইউপি চেয়ারম্যান পান্নু মোল্লা জানান, ওই রাস্তাগুলো পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্যকে অনুরোধ করেছি। উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও বিষয়টি জানিয়েছি। ১৭ গ্রামের মানুষ কাদাপানি মাড়িয়ে অতিকষ্টে চলাচল করছেন বলে তিনি জানান। মহম্মদপুর উপজেলা প্রকৌশলী বিকাশ চন্দ্র নন্দী বলেন, সড়কটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনাভুক্ত (ডিপিপি) হলে আমরা উন্নয়ন করবো। আর যদি তা না হয়ে থাকে তাহলে এমপি’র সঙ্গে পরামর্শ করে সড়কটি উন্নয়নের জন্য ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু