গ্রামের বাড়িতে গৃহকর্মী লাইলীর দাফন সম্পন্ন

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ০৯:৪৮
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সমন্ময়পাড়া গ্রামের বাড়িতে ঢাকায় নিহত গৃহকর্মী লাইলীর দাফন সম্পন্ন হয়েছে।
 
আজ রবিবার সকাল সাড়ে ৮টায় খেজুরতলা নূরানী হাফেজিয়া মাদ্রাসার মাঠে কয়েকশত মানুষের অংশ গ্রহণে জানাজা শেষে তার বাবার বাড়ির প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। 
 
জানাজায় অংশ নেওয়া দাশিয়ারছড়ার কয়েকজন অধিবাসী জানাজা পূর্ব বক্তব্যে লাইলীর এই মৃত্যুর জন্য দায়ী গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুসহ জড়িত সকলের শাস্তি দাবি করেন এবং লাইলীর সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নেওয়ার জন্য আহ্বান জানান।
 
IMG0
 
এর আগে ময়নাতদন্ত শেষে শনিবার বিকালে লাইলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রবিবার ভোর পাঁচটায় লাইলীর বাবা নজরুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত স্বজনরা লাশ নিয়ে লাইলীর গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সমন্ময় পাড়ায় পৌঁছায়। 
 
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বনশ্রী বি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে লাইলীর (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই লাইলীর ভাসুর (স্বামীর বড় ভাই) শহীদুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। 
 
ইত্তেফাক/কেকে