নেত্রকোনার পূর্বধলায় আজ রবিবার ভোর রাতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ. রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। তিনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা গ্রামের মনোয়ার খানের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে তাঁর নেতৃত্বে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মিজান, উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম, উত্তম কুমার দাস ও এএসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বালুচরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আ. রাজ্জাক উপজেলার পুটিকা গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে শামছুল হক (৪০) হত্যা মামালার প্রধান আসামি। ১৯৯২ সালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে খুন হন শামছুল হক। পরে নিহতের স্বজন আব্দুল হাসিম বাদী হয়ে আ. রাজ্জাক, আব্দুল আজিজ ও আব্দুল কাদিরসহ বেশ কয়েকজনকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ আব্দুল আজিজ ও আব্দুল কাদিরকে আটক করে জেলহাজতে প্রেরণ করলেও আ. রাজ্জাক পলাতক থাকেন। পরে আদালত দীর্ঘ শুনানির পর গত ১৯৯৫ সালে প্রধান আসামি আ. রাজ্জাকের অনুপস্থিতে আ. রাজ্জাক, আব্দুল আজিজ ও আব্দুল কাদিরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
এ মামলায় আব্দুল আজিজ ও আব্দুল কাদির দীর্ঘদিন কারাভোগের পর গত ২০০০ সালে উচ্চ আদালত থেকে খালাস পেলেও খুনের দায়ে আ. রাজ্জাকের সাজা বহাল থাকে।
ইত্তেফাক/এমআই
