সিরাজগঞ্জে বাসচাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২০:০২
সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিলে বাস চাপায় ৩ জন ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৫জন  আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে। এর মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপরেখী গ্রামের আজিজ মাস্টারের ছেলে আব্দুল বাতেন (৩৪) এবং আজুগড়া গ্রামের কুজরত আলীর ছেলে ভ্যান চালক মোহাম্মদ আলী (২৫)। 
 
এদিকে আহতদের খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। এ ঘটনার প্রতিবাদে জনতা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়ক এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় ঘাতক বাসটি ভাংচুর করে তারা। এর পর থেকেই এই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ থেকে ছড়ে আসা ইফাদ ইমরন নামের একটি যাত্রী বোঝাই বাস আজগড়া-বেতিল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন বেতিলে থাকা কয়েকটি ভ্যান-রিক্সাকে চাপা দিয়ে বেতিল সিনেমা হল এলাকায় গাড়িটি রেখে চালক-হেলপার পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়। তখন বিক্ষুব্ধ জনতা গাড়িটি ভাংচুর চালায় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 
 
ইত্তেফাক/এমআই