গফরগাঁওয়ে পিস্তলসহ যুবলীগ নেতা আটক

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৪:২৭
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সুতারচাপর গ্রাম থেকে নিগুয়ারী ইউনিয়ন যুবলীগ নেতা শামছুল আলমকে (৪০) গুলি ভর্তি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১৪।  শামছুল আলমকে রবিবার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
 
পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে র‌্যাব-১৪, সিপিএসসি’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি রাজিব কুমার দেব এর নেতৃত্বে র‌্যাবের একটি দল সুতার চাপর গ্রামে শামছুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় দেহ তল্লাশি করে শামছুল আলমের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি ইটালির তৈরি একটি পিস্তল ও তার বসতঘর থেকে ৪টি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, শামছুল আলম একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। বানার (শীতলক্ষা ) নদীর বালুমহালে তার সন্ত্রাসী বাহিনী চাদাঁবাজি করে থাকে।
 
পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, এ ঘটনায় শামছুল আলমের বিরুদ্ধে শনিবার রাত ৮টার দিকে পাগলা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই