দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ সংবাদদাতা প্রবীণ সাংবাদিক দীপক কুমার কর (৬২) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ৫ দিন ধরে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে অর্থপেডিক্স বিভাগের সার্জারী প্রধান ডা. ওয়ালিউল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়ালিউল ইসলাম জানান, দীপক করের ডান পায়ের হাঁটুর সন্ধিস্থল ও নিচের হাড়ে ফাটল রয়েছে। এছাড়াও তার ডায়াবেটিস বেশি হওয়ায় কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। পূর্ণ চিকিৎসার জন্য তার নিবিড় পর্যবেক্ষণ ও দীর্ঘ মেয়াদী চিকিৎসা এবং পরিচর্যা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২ আগস্ট দুপুরে দীপক কর মোটরসাইকেলযোগে রায়গঞ্জ থেকে সিরাজগঞ্জ আসেন। শহরের বাজার স্টেশন কড়ইতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিক ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সিরাজগঞ্জ প্রেসক্লাব, রায়গঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক ও জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রবীণ সাংবাদিক দীপক কুমার করের আশু রোগমুক্তি কামনা করেছেন।
ইত্তেফাক/এমআই
