বগুড়ায় অস্ত্রসহ যুবলীগ নেতার ভাই গ্রেফতার

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৬:৪৯
 
এবার র‌্যাবের হাতে অস্ত্রসহ ধরা পড়লো বগুড়া সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা উজ্জ্বলের ছোট ভাই নাজমুল হাসান ওরফে শামীম (৩৭)। শনিবার রাতে অভিযান চালিয়ে শামীমকে একটি অস্ত্র ও চার রাউন্ড গুলি সহ গ্রেফতার করে।
 
রবিবার বেলা ১২টার র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের পাঠানো এক সংবাদ বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার রাতে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা বগুড়া সদরের ফুলবাড়ীয়া বিসিক এলাকায় অভিযান পরিচালনা করে শামীমকে অস্ত্রসহ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল চার রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার হয়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ও ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
 
পরবর্তীতে শামীমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে সদরের পালপাড়া এলাকায় তার আরেকটি আস্তানায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ১৫টি কার্তুজ, দুটি ম্যাগাজিন, দুটি দেশীয় তৈরি হাসুয়া এবং তিনটি ককটেল উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী মো. অলি (২২), রবিউল (২০), মো. কনক(২২), মো. রেজা (৩৩), সাগর (২২), কৌশলে পালিয়ে যায়।
 
এ ব্যাপারে বগুড়া সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন র‌্যাব কর্তৃক দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান