ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় স্ত্রী মর্জিনা হত্যার দায়ে স্বামী সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন। মামলায় সাইফুল ইসলামের বাবা আব্দুল মোতালেব ও মা মালেকা খাতুনকে অব্যাহতি দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, প্রায় সাত বছর পূর্বে ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের সাইফুল ইসলামের সাথে মর্জিনা খাতুনের বিয়ে হয়। এরপর তাদের দুটি কন্যা সন্তান হয়। কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী সাইফুল ইসলাম, তার বাবা আব্দুল মোতালেব ও মা মালেকা খাতুন যৌতুকের জন্য মর্জিনার উপর চাপ সৃষ্টি করতে থাকেন।
এক পর্যায়ে মর্জিনার পিতা মহিউদ্দিন মেয়ের সংসারের কথা চিন্তা করে এক লাখ টাকা দেন মেয়ের জামাই সাইফুল ইসলামকে। কিন্তু এরপরও মর্জিনার ওপর নানাভাবে নির্যাতন অব্যাহত থাকে। বিদেশ যাওয়ার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবী করে সাইফুল। টাকা না পেয়ে সাইফুল ইসলাম, তার বাবা ও মা ২০১৪ সালের ১০ অক্টোবর মর্জিনাকে মারপিট ও নির্যাতন করে হত্যা করে বলে মর্জিনার বাবা তখন মামলা দায়ের করেন।
মামলায় তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। সাইফুল ইসলামের বাবা আসামী আব্দুল মোতালেব ও মাতা মালেকা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা হইতে অব্যাহতি দেয় আদালত।
ইত্তেফাক/জামান
