ব্যাংকের ভোল্ট সংস্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২২:০২
 
মানিকগঞ্জের সাটুরিয়ায় গোলড়া রূপালী ব্যাংক শাখার সংস্কার কাজ করতে গিয়ে ভোল্ট রুমের দরজার নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ছোট বিলতালাই গ্রামের। আহত শ্রমিক মো. মোশারফের বাড়ি পাবনা জেলার আটঘরিয়া থানায়।
 
গোলড়া রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন জানান, রবিবার দুপুরে ভোল্ট রুমের কাজ করতে গিয়ে দরজার নীচে পড়ে যায় আরিফ হোসেন। আহত হয় মোশারফ নামে আরেক শ্রমিক। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আরিফ নামে ওই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায় বলে অন্যন্য শ্রমিকরা দাবী করেন। পরে তাকে তার সহকর্মীরা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার এসআই নান্নু মণ্ডল জানান, খবর পেয়ে ওই নিহত শ্রমিকসহ ও অন্যন্য শ্রমিকদের উদ্ধার করেছি। তবে এ বিষয়ে সাটুরিয়া থানাকে বিষয়টি জানানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান