নন্দীগ্রামে পাকা সড়কগুলোর বেহাল দশা

আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ০০:১১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পাকা সড়কগুলোর বেহাল দশা। খানাখন্দে ভরপুর কাথম-কালিগঞ্জ ও ওমরপুর-তালোড়া সড়ক। যা দেখার মত কেউ নেই।

বগুড়া সড়ক ও জনপদ বিভাগের অধীনে নন্দীগ্রাম উপজেলার ৪টি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। তার মধ্যে কাথম-কালিগঞ্জ ও ওমরপুর-তালোড়া সড়ক কম গুরুত্বপূর্ণ নয়। বর্তমানে উক্ত সড়কে যানবাহন ও মালবাহী গাড়ি চলাচল অনেক বেড়েছে। এতে ওই পাকা সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। চলমান বর্ষায় বৃষ্টিতে সড়কের গর্তগুলি পানিতে ভরে গেছে।

এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। সংস্কার না করায় সড়কগুলি খানাখন্দে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্তমানে সড়কগুলি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝেমধ্যে যানবাহনের মালিক ও চালকেরা ব্যক্তিগত উদ্যোগে মাটি ভরাট, ভাঙা ইট দিয়ে গর্তগুলো সাময়িকভাবে চলাচলের উপযোগী করলেও দু-একদিন পর সেখানে গর্তগুলো পূর্বের রূপ নেয়।

সরেজমিনে দেখা গেছে, কাথম-কালিগঞ্জ সড়কের কাথম থেকে শুরু করে শিমলা, দলগাছা, ভাগবজরসহ বিভিন্নস্থানে রাস্তার কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

অপরদিকে ওমরপুর-তালোড়া সড়কের বৈলগ্রাম, নামুইট, পাকুরিয়া পাড়াসহ বিভিন্ন স্থানে পাকা সড়কের মাঝপথে ফাটল, দুপাশে ভাঙন, গর্তসহ মাটি দেবে গেছে। জরাজীর্ণ সড়কের গর্ত পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন। যার কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সড়ক গুলো উপজেলার অতান্ত গুরুত্বপূর্ণ। ওই সড়ক গুলোতে প্রতিদিন বাস-ট্রাক, পিকআপ, মাইক্রো, সিএনজি, অটোভ্যানসহ কয়েকশত যানবাহন চলাচল করে। দীর্ঘদিন আগে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) কর্তৃক রাস্তারগুলোর বিভিন্নস্থানে খানাখন্দ নামমাত্র মেরামত করে। এতে ক্ষনিকের মত যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কিছুদিন যেতে না যেতেই রাস্তাগুলো ফের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।


সড়কগুলোতে ছোট-বড় গর্ত থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। চালক ও যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এই সড়ক গুলোর সঙ্গে বেশকটি জেলাসহ রাজধানী ঢাকার যোগাযোগ রয়েছে। তাই শিগগির সড়কগুলোর সংস্কার প্রয়োজন।  
 
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ বলেন, বিষয়টি সওজ বিভাগকে অবহিত করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।

এব্যাপারে বগুড়া (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জরুরী ভিত্তিতে সড়ক গুলোর সংস্কার কাজ শুরু করা হবে।

ইত্তেফাক/নূহু