সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ১০ জেলেকে অপহরণ

আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৮:৫২
পূর্ব সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ১০ জেলেকে অপহরণ করা হয়েছে। বনদস্যুরা (নাম অজ্ঞাত) একটি মোবাইল ফোন নম্বর দিয়ে গেছে। ওই নম্বরে যোগাযোগ করে টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছে। 
 
সুন্দরবন থেকে ফিরে আসা জেলে ও জিম্মিদের মহাজন সুত্রে জানা যায়, রবিবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের হরিণটানা ও কলামুলা এলাকার নদীতে জেলারা মাছ ধরছিলেন। এ সময় ১০-১২ জন বনদস্যু তাদের উপর হামলা চালায় এবং তাদেরকে মারধর করে। শেষে ১০ জন জেলেকে মুক্তিপণের দাবিতে গভীর বনে ধরে নিয়ে যায়। এ সময় ০১৭৬০২১৩৬১৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেয়। 
 
অপহৃত জেলেরা হলেন- শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে আলী হোসেন মুন্সী (মহাজন ডালিম মেম্বর), উত্তর রাজাপুর গ্রামের ছোমেদ গাজীর ছেলে লাল মিয়া গাজী (মহাজন জাকির মেম্বর), পানিরঘাট এলাকার ইছাহাক মোল্লার ছেলে জিয়ারুল মোল্লা ( মহাজন খলিলুর রহমান), সোনাতলার নান্না মাতুব্বরের জেলে সহিদুল ইসলাম, খুড়িয়াখালীর জালাল মোল্লার জেলে দেলোয়ার হোসেন ও তাফালবাড়ির মোশারেফ হোসেনের জেলে মাসুদ মিয়ার নাম জানা গেছে। 
 
এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ আঃ জলিল বলেন, বিষয়টি তার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি।  খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি