মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে চার বছর বয়সী পুত্র সন্তানকে বিক্রি করে দিয়েছেন হারুনুর রশিদ নামে এক মাদকাসক্ত বাবা।
তার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামে। পরে শিশু জাহিদুল হোসেনের মা আয়েশা আক্তার শাহরাস্তি থানায় মামলা করলে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের প্রচেষ্টায় শিশুটিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতার শিশুটির ক্রেতা হাসিনা বেগমকে সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই শিশুটির বাবা পলাতক।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহরাস্তি থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন জানান, ‘রবিবার শিশুটির মা আয়েশা আক্তার মামলা দায়ের করেন। মামলায় শিশুটির বাবা হারুনুর রশিদ ও ক্রেতা হাসিনা বেগমকে আসামি করা হয়েছে।
আয়েশা আক্তার বলেন, ‘আমার স্বামী হারুন নেশাগ্রস্থ ও বেকার। নেশার টাকা জোগাড় করতে সে প্রায়ই ঘরের জিনিসপত্র বিক্রি করে দিতো। গত বৃহস্পতিবার ছোট ছেলেকে দোকান থেকে কিছু কিনে দেয়ার নামে বাড়ি থেকে নিয়ে বিক্রি করে দেয়।’
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘ইছাপুরা গ্রামের হারুনুর রশিদ টাকার লোভে তার পুত্র সন্তান জাহিদুল হোসনেকে বিক্রি করে দেয়। পরে জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে নোয়াখালী জেলোর সোনাইমুড়ী থানা এলাকার রাজীবপুর গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় রাশেদের স্ত্রী হাসিনা বেগমের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং হাসিনা বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
ইত্তেফাক/ইউবি
