নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সন্ত্রাসীর সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়াসিন আরাফাত (৩৫) নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় ওই ঘটনা ঘটে।
ডিবির এস. আই. মিজানুর রহমান জানান, রাতে তাদের একটি টহল টিম চাষাঢ়া এলাকাতে ছিল। রেল লাইন এলাকাতে টহলের সময়ে ইয়াসিন আরাফাত ডিবিকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। ডিবিও পাল্টা গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়। পরে তার দেহ তল্লাশী করে ৪ রাউন্ড গুলিসহ ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। সে একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রবাজ।
ইয়াসিন আরাফাতকে উদ্ধারের পর তাকে শহরের খানপুরে ৩শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
