টেকনাফে ১৭ অস্ত্র, ৪৪২ গুলিসহ গ্রেফতার ২

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ০৯:২০
 
কক্সবাজারের টেকনাফে ১৭টি অস্ত্র ও ৪৪২টি গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। সোমবার রাত ১০টার দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন। গ্রেফতার দু’জন হলেন টেকনাফের ফরিদ আলম (৩৫) ও শামশুল আলম (২৫)।
 
রুহুল আমিন রাতে সাংবাদিকদের বলেন, আমরা রাতে তথ্য পাই যে, শীর্ষ সন্ত্রাসী ও রোহিঙ্গা চিহ্নিত ডাকাত আব্দুল হাকিম ওরফে হাকিম ডাকাতের দুই সহযোগী পুরাতন পল্লানপাড়ার একটি বাড়ীতে অবস্থান করছেন। এরপরই র‍্যাবের একটি বিশেষ দল রাত আটটার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে দু’জনকে গ্রেফতার করা হয়। ওই বাড়ী থেকে ১৭টি অস্ত্র ও ৪৪২টি গুলি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ফরিদ আলম ও শামশুল আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, নারী নিযার্তন ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে