পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে পরিবহন পারাপারের দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম'র নির্দেশে সোমবার রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো মো. মনিরুজ্জামান, মো. জিন্নাত মোল্লা, মো. রাজীব মোল্লা, মো. জসিম শেখ, মো. কুরবান মিয়া, মো. শফিকুল আলম, মো. রশিদ মণ্ডল, মো. আজিবর মণ্ডল, মোহাম্মদ শেখ।
রাজবাড়ী ডিবির ওসি ওবাইদুর রহমান জানান, আটকরা দৌলতদিয়া ঘাটের দালাল চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন পরিবহনের চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফেরির টিকিট ক্রয়-বিক্রয় ও ফেরিতে আগে পার করে দেয়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় করে আসছিলো। রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম এর নির্দেশে গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/জামান
