নীলফামারীর কিশোরগঞ্জে এক বৃদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিন বড়ভিটা গ্রামে মোহাম্মদ আলী (৮০) নামে ওই বৃদ্ধ কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার সরেজমিন ও থানার অভিযোগ সুত্রে জানা গেছে, বড়ভিটা ইউনিয়নের বাসিন্দা মৃত দুখিয়া মামুদের কাছ থেকে ১১/৩/১৯৭২ সালে দক্ষিণ বড়ভিটা মৌজায় ৮২১১ দাগে ৪ শতক জমি ক্রয় করেন একই ইউনিয়নের বাসিন্দা ও মৃত আজিম উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী। যার দলিল নম্বর ১৩৫৭।
বৃদ্ধ মোহাম্মদ আলী বলেন, ‘আমার দুই ছেলে ও তিন মেয়ে। আমি তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ১৯৭৪ সালে রংপুর জেলার কেরানীপাড়ায় বসবাস শুরু করি। কেরানীপাড়া যাওয়ায় আগে আমি আমার ক্রয়কৃত জমিতে বাউন্ডারি ওয়াল দিয়ে চাতাল নির্মাণ করে আমার প্রতিবেশী মমিন উদ্দিনের নিকট ভাড়া দিই। দীর্ঘ ৪৩ বছর আমি আমার জমির ভোগ দখল করে আসছি। এ অবস্থায় গত ২৫/৭/২০১৭ ইং তারিখে আমি উক্ত জমিতে ঘর নির্মাণ করতে গেলে আমার প্রতিবেশী ইসমাইল হোসেন (৪০), টুটুল মিয়া (৫০) আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে তারা জোরপৃর্বক আমার জমিতে একটি টিনের ঘর তুলে আমার জমি দখল করে।’
মোহাম্মদ আলী আরো জানান, ওই জমিতে গেলে দখলকারীরা তাকে খুন করবে বলে হুমকি দিয়েছে। তিনি বলেন, ‘আমি কোনো উপায়ন্তর না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করি।’
এ ব্যাপারে জমি দখলকারী টুটুল মিয়ার সঙ্গে কথা বললে তিনি ২০ হাজার টাকা চাঁদা চাওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ওই জমিতে আমার শশুরের অংশ থাকায় আমি সেখানে ঘর তুলেছি।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, জমি দখলের অভিযোগে মোহাম্মদ আলী নামের ওই বৃদ্ধ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
