ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৪:১১
ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে অসিত কুমার নামে এক ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার দুপুরে অভিযান চালিয়ে ওই ডাক্তারকে আটক করে দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।
 
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন অসিত কুমার। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ের নোবেল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডিত ভুয়া চিকিৎসক শহরের বেপারিপাড়ার গৌর গোপালের ছেলে।
 
ইত্তেফাক/এমআই