তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, ‘হিন্দি-চিনি ভাই ভাই’ এই নীতি-আদর্শের মাঝেই ভারত-চীন সংকটের সমাধান নিহিত। তিনি বলেন, বর্তমানে ডোকলাম নিয়ে যে অচলাবস্থা, তার সমাধানের দিক নির্দেশনা কেবল এই পন্থার মধ্য দিয়ে এগুলেই সম্ভব।
দালাই লামা বলেন, দুই প্রতিবেশী দেশ যখন একে অপরের বিরুদ্ধে কর্কশ শব্দ ব্যবহার করে, যখন তাদের অবস্থান মারমুখী হয়, তখন এই সূত্রকে মূল সূত্র হিসাবে এগোনো ছাড়া অন্য কোন উপায় নেই। তিনি বলেন, সিকিমে ডোকলাম নিয়ে যে অস্থির অবস্থা ,আমার দৃষ্টিতে তা কোন গুরুতর বিষয় নয়, দুই দেশ যদি পাশাপাশি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে এগোয়,তাহলে এ অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায়।
দালাই লামা বলেন, বিভিন্ন অপপ্রচার পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তাই এসব অপপ্রচারে গা না ভাসিয়ে যদি নিজেদের মাঝে সমঝোতার মানসিকতা থাকে তাহলে সমস্যা অনেকংাশে দূর হয়ে যাবে। সেই ১৯৬২ সালে অরুণাচলের বমডিলায় চীনা সৈন্য ঢুকে পড়েছিল। পরে আবার তা প্রত্যাহারও করা হয়েছিল। তাই পারষ্পারিক শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমেই সব সংকটের সমাধান লুকিয়ে আছে। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির
