জামালপুর শহরের চন্দ্রা রেলক্রসিং-এ লোকাল ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনটি বিজিবি ক্যাম্প সংলগ্ন চন্দ্র লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছানোয়ার হোসেন নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বিজিবির জোয়ানরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজি বাইক চালক আব্দুর রহিম (৪৫), জামালপুর পৌরসভার চন্দ্রা গ্রামের মীর হোসেন (৪০), জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নের বাঁশচড়া গ্রামের ইন্তাজ আলী (৫০), জামালপুর পৌরসভার রনরামপুর গ্রামের সালেহা বেগমকে (৫০) ও কম্পপুর গ্রামের ছানোয়ার হোসেন (৪০) মারা যান।
গুরুত্বর আহত জামালপুর পৌরসভার কম্পপুর গ্রামের হোসেন আলী (৩৩) ও ফরিদকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম মজুমদার বলেছেন, পাঁচজনের লাশ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
