সুন্দরবনে অপহৃত সাত জেলে উদ্ধার

আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২২:৪৮
 
অপহরণের তিন দিনপর সুন্দরবনে দস্যুদের মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা ১০ জেলের মধ্যে সাতজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার হওয়া জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
গত রবিবার গভীর রাতে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের হরিণটানা ও কলামুলা এলাকায় মাছ ধরার সময় বনদস্যু মতিন বাহিনী তাদের অপহরণ করে নিয়ে যায়।
 
উদ্ধার হওয়া জেলেরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের শাহজাহান মুন্সী, আনোয়ার মাতুব্বর, জিয়ারুল মোল্লা, রহিম হাওলাদার, তরিকুল মুন্সী এবং খুড়িয়াখালী গ্রামের মাসুদ মোল্লা ও শিমুল হাওলাদার।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুজ্জামান খান জানান, জেলেদের অপহরণের খবর পেয়েই তারা উদ্ধার অভিযান শুরু করে। এসময় দস্যুরা তাদেরকে দেখতে পেয়ে গহীন বনে পালিয়ে যায়। পরে ওই ট্রলারের মধ্যে থাকা সাত জেলেকে উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/জামান