কোম্পানীগঞ্জে হঠাৎ টর্নেডো, আহত ২৫

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৬:৫৫
 
নোয়াখালীর কোম্পানীগঞ্জে টানা বর্ষার মধ্যে হঠাৎ টর্নেডোর আঘাতে ১৫০টি বাড়ি ও ১৫টি পোল্ট্রি ফার্ম লণ্ডভণ্ড হয়েছে। এতে নারী ও শিশুসহ আহত হয়েছেন ২৫ জন। ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার।
 
সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টায় সময় টানা বর্ষার মধ্যে চরএলাহী ইউনিয়নের দক্ষিণে ছোট নদীর তীরবর্তী এলাকা থেকে হঠাৎ টর্নেডো সৃষ্টি হয়ে চরাঞ্চলে মানুষদের ১৫০টি ঘর-বাড়ি, গুচ্ছগ্রাম ও ভূমিহীন বাজারসহ ১৫টি পোল্ট্রি ফার্ম ১০০ ফুট উপরে উড়িয়ে অন্যত্র ফেলে দেয়।
 
এ সময় ২৫জন আহত হয়। তাদেরকে উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। তাছাড়া সুমাইয়া আক্তার (১৩) নামে এক ছাত্রী গুরুতর আহত হয়। বর্তমানে মানুষ খোলা আকাশের নীচে অবস্থান করছে। উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হওয়ায় এখন ত্রাণসামগ্রী পৌঁছেনি।
 
এ ব্যাপারে চরএলাহী ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল উদ্দিন জানান, হঠাৎ করে নদীর তীর থেকে আগুনের মত একটি শিখা ঘুরপাক করে। এর কিছুক্ষণ পর মানুষের ঘর-বাড়ি, পোল্ট্রি ফার্ম, গুচ্ছগ্রাম ও ভূমিহীন বাজার লণ্ডভণ্ড হয়ে যায়। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম টর্নেডো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/জামান