এসএম সুলতানের জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৮:২৬
 
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে জন্মদিন উপলক্ষে নড়াইলে সুলতান সংগ্রহশালা চত্বরে শিল্পীর মাজার জিয়ারত, সমাধিতে ফুল দেওয়া, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
বৃহস্পতিবার সকালে নড়াইল জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর মাজারে ফুল দেওয়া হয়।
 
পরে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সুলতানের শিশুস্বর্গে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশিদ, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীল, জেলা কালচারাল অফিসার মো. হায়দার আলী প্রমুখ।
 
এদিকে জাতীয় শোকদিবসের কারণে চার দিনব্যাপী সুলতান উৎসব পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/জামান