টাম্পাকো ফয়লস্ লিমিটেডের পথচলা শুরু

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৯:২৭
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টাম্পাকো ফয়লস্ লিমিটেডের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 
 
বুধবার গাজীপুরের টঙ্গীতে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরই মধ্য দিয়ে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে টাম্পাকোর শ্রমিকদের মধ্যে শুরু হলো স্বপ্ন বুননের নবযাত্রা। 
 
সাবেক সংসদ সদস্য ও ‘টাম্পাকো গ্রুপ’-এর চেয়ারম্যান ড. সৈয়দ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।  
 
নতুন কারখানা সম্পর্কে টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর জানান, গ্রিন ফ্যাক্টরি মডেল অনুসারে একটি আদর্শ এবং পরিবেশবান্ধব কারখানা নির্মাণ করা হবে। প্রস্তাবিত এ কারখানার বাৎসরিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১৮ হাজার ৫০০ মে. টন আর বাংলাদেশে প্যাকেজিং খাতে এই কারখানাটিই হবে সর্বাধূনিক প্রযুক্তিযুক্ত এবং সর্বোচ্চ পণ্য উৎপাদন ক্ষমতা সম্পন্ন।
 
তিনি আরো জানান, প্রস্তাবিত কারখানা থেকে বাৎসরিক প্রায় ১৫০ কোটি টাকা সরকারের রাজস্ব খাতে জমা হবে এবং এই কারখানায় প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৫০০ জন লোকের আর পরোক্ষভাবে কর্মসংস্থান হবে ১০,০০০ জন লোকের।
 
দুর্ঘটনায় নিহত টাম্পাকোর শ্রমিকদের পরিবারের একজনকে কোম্পানিতে চাকরি প্রদানের নিশ্চয়তা প্রদান শেষে ‘টাম্পাকো ফয়লস্ লিঃ’-এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়।
 
উল্লেখ্য গত বছর ১০ সেপ্টেম্বর কারখানায় আগুন লাগে। তারপর থেকে কারখানাটি বন্ধ থাকলেও শ্রমিকদের বিনা পরিশ্রমে বেতন-ভাতা প্রতি মাসে পরিশোধ করে যাচ্ছিল কারখানা মালিক পক্ষ।
 
ইত্তেফাক/ইউবি