দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এম পি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় দায়ের হওয়া অস্ত্র আইন মামলায় চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এই চারজনের সাক্ষ্য গ্রহণ করেন।
এসময় আদালতে লিটন হত্যা মামলা ও অস্ত্র আইন মামলার প্রধান আসামি সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্ণেল ডা. আবদুল কাদের খান উপস্থিত ছিলেন।
সাক্ষীরা হলেন সাবেক এমপি ডা. আবদুল কাদের খানের ছাপরহাটি গ্রামের প্রতিবেশী জহুরুল ইসলাম, ফিরোজ কবীর, রবিউল ইসলাম ও জাহেদুল ইসলাম। এরআগে এই (অস্ত্র আইন) মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার সাবেক পরির্দক (তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান (গত ১৮ জুলাই) আদালতে সাক্ষ্য দেন।
জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অস্ত্র আইন মামলার ধার্য্য তারিখ অনুযায়ী চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এসময় আদালতে মামলার প্রধান আসামি সাবেক এমপি আবদুল কাদের খান আদালতে উপস্থিত ছিলেন’।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এই মামলায় সাবেক এমপি ডা. আবদুল কাদের খান পুলিশের হাতে আটক হওয়ার পর তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহার করা একটি পিস্তুল তার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি গ্রামের নিজ বাড়ির উঠানের মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ। পরে এঘটনায় হত্যা মামলা ছাড়াও অস্ত্র আইনে কাদের খানের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা হয়।
ইত্তেফাক/ রেজা
