পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ফুলতলা নতুনবন্দর এলাকায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে। অন্যদিকে জেলার সদর উপজেলার চাকলাহা ইউনিয়নে বজ্রপাতে আরও চারজন আহত হয়েছেন।
নিহত কৃষকের নাম নসিরুল ইসলাম (৪২)। সে ওই গ্রামের আব্দুল কাদেরের পুত্র।
বেংহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিকেলে নসিরুল রোপা আমন রোপণ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে জেলার সদর উপজেলার চাকলাহা ইউনিয়নের বীরপাড়া এলাকায় বজ্রপাতে শিশু ও মহিলা সহ চারজন আহত হয়েছেন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ফয়জন (৬০), রাবেয়া (৪০), মর্জিনা (১৪) ও মোস্তাফিজুর (১২)।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তৌহিদুর রহমান জানান, বজ্রপাতে মোট পাঁচজন হাসপাতালে আসেন। এরমধ্যে এক কৃষক মারা যান। আর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/জামান
