সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১.৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস বিভাগের প্রিভেন্টিভ টিম। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং বিজি০৮৫ এর দুই যাত্রীর নিকট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণগুলো ব্যাগেজের লকের মধ্যে লুকানো ছিল বলে জানিয়েছে কাস্টম বিভাগ।
কাস্টম বিভাগ জানায়, তাদের কাছে গোপন সংবাদ ছিল যে, আজ সন্ধ্যা সোয়া ৬টায় আসা উক্ত ফ্লাইটে স্বর্ণ আসছে। তথ্য অনুযায়ী সন্দেহজনক যাত্রীদের ওপর নজরদারী রাখা হয়। পরে তাদের কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।
স্বর্ণ নিয়ে আসা দুই ব্যক্তি সিঙ্গাপুর থেকে আসছিল। এই দুই যাত্রী হলো, আনোয়ার হোসেন ও তপন চন্দ্র পাল। আনোয়ার হোসেনের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। তপন চন্দ্রের বাড়ি লক্ষ্মীপুরে রামগতি উপজেলায়।
বিমান বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাদের ব্যাগেজ স্ক্যান করা হয় এবং ব্যাগে থাকা ৮ টি ডোর লকের ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১কেজি ৪০০গ্রাম। যার বাজারমূল্য ৭০ লাখ টাকা।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/নূহু
