ফুলবাড়ীতে ধরলা নদীর পানি বৃদ্ধি

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১২:১৯
গত তিন দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তবে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান জানিয়েছেন, কুড়িগ্রাম পয়েন্টে ধরলার পানি বৃদ্ধি পেলেও সকাল নয়টায় বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। 
 
এদিকে আজ শুক্রবার সকালে ধরলা নদী নিকটবর্তী উপজেলার গোরকমন্ডল, চর গোরকমন্ডল, ঝাউকুটি, ঝামাকুটি, কিশামত শিমুলবাড়ী, পেচাই, চর শিমুলবাড়ী, যতিন্দ্রনারায়ণ, সোনাইকাজী, কবিরমামুদ, রামপ্রসাদ, প্রানকৃ, পূর্ব ও পশ্চিম ধনিরাম গ্রামগুলোর নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। 
 
ইত্তেফাক/এমআই