চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মগদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা হতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে ১২জন ডাকাতকে আটক করেছে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনগণ।
আটককৃত ডাকাতরা হলো, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকচর বিএমচর খালি সিকদার পাড়ার শাহ্ আলমের পুত্র সাইফুল ইসলাম প্রকাশ সাদত উল্লাহ(৩৪), সিদ্দিক আহমদের ছেলে হুমায়ুন কবির (২৪), মৃত সামশুল আলমের ছেলে রিদুয়ান (২৪), মৃত আলী হোসেনের ছেলে মোক্তার আহমদ (২৬), সৈয়দ আহমদের ছেলে সিরাজ মনির আরফাত (২৫), মৃত হাবিবুর রহমানের ছেলে আলী হোসেন (২৫), মোস্তাক আহমদের ছেলে নাছির উদ্দিন (২২), মৃত সামশুল আলমের ছেলে জয়নাল আবেদীন (৩০), আহমদ হোসেনের ছেলে আরফাত (১৯), মৃত জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (২০), চকরিয়ার পূর্ব বড় ভেউলাচর পাড়ার কুতুব উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২২) এবং চকরিয়া খাইয়ার বিল এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ আলমগীর (২৬)। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, দুটি চাইনিজ চাপাতি ও দুটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়।
জানা গেছে, বড়হাতিয়া এলাকায় ডাকাতরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মো. জুনাইদ ও ইউপি সদস্য আব্দুল আলম স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাতদেরকে কৌশলে ধরে পেলে ইউপি কার্যালয়ে নিয়ে আসে। তারপর লোহাগাড়া থানার পুলিশকে খবর দেয়া হয়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর উক্ত স্থান হতে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রাম দা, সাড়ে তিন ফুট লম্বা একটি কিরিচ, ৪০ইঞ্চি লম্বা একটি রড উদ্ধার করে ডাকাতদেরকে থানার হেফাজতে নিয়ে আসে। এ ব্যাপারে শুক্রবার সকালে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান মোল্লা ও ওসি মো. শাহ্জাহান পিপিএম। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রজু করা হয়েছে বলে ওসি মো. শাহজাহান পিপিএম জানান।
ইত্তেফাক/জামান
