টানা বর্ষায় ডোমারে নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৭:৫০
 
তিন দিন ধরে চলা বর্ষায় নীলফামারীর ডোমার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার উপজেলায় ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে অনেক এলাকায় বাড়ি-ঘরে পানি উঠেছে। বেশকিছু স্কুল-কলেজের মাঠে হাঁটু পানি রয়েছে। হাঁট-বাজারসহ অনেক সড়ক পানির নিচে রয়েছে। বাড়ি হতে বের হতে না পারায় নিম্ন আয়ের মানুষদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
 
সেই সাথে গবাদি পশুর খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। অনেক মাছ চাষির পুকুর ও ঘের বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পুকুরের মাছ বের হয়ে গেছে। তিন দিনের অতিবৃষ্টির কারণে উপজেলার প্রায় একশ' হেক্টর জমির রোপা আমন চারা পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। বৃহস্পতিবার রাত ৮টার সময় বৃষ্টির গতি বাড়ার সাথে সাথে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এর পরদিন শুক্রবার দুপুর একটার দিকে বিদ্যুৎ চালু হয়। তবে তার ১০ হতে ১৫ মিনিটি পর্যন্ত স্থায়িত্ব থাকে। পুনরায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) গোটা উপজেলায় বিদ্যুৎ বন্ধ ছিল।
 
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল জলিল জানান, গত মঙ্গলবার রাত হতে শুক্রবার পর্যন্ত অবিরাম বৃষ্টি চলছে। এ উপজেলায় বুধবার ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃহস্পতিবার বৃষ্টিপাত বেড়ে তার দ্বিগুণ হয়ে যায়। যার পরিমাণ দাঁড়ায় ২২০ মিলিমিটার। শুক্রবার পাঁচ মিলিমিটার কমে ২১৫ মিলিমিটারে নেমে আসে। এ বৃষ্টিপাতের কারণে উপজেলার প্রায় এক শত হেক্টর জমির রোপা আমন চারা পানির নিচে তলিয়ে গেছে। তিনি আরো জানান, বৃষ্টিপাত না কমলে হয়তো আরো বেশি জমির আমন চারা পানিতে পোঁছে যাবে। তবে কৃষকদের পরামর্শ ও সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে কৃষি দপ্তরের পক্ষ হতে বলে ওই কর্মকর্তা জানান।
 
ইত্তেফাক/জামান