যশোরের শার্শায় গোয়েন্দা পুলিশের ধাওয়া খেয়ে পালাতে যেয়ে মাথায় আঘাত পেয়ে আব্দুল মান্নান (৫০) নামে এক মাদক সেবী আহত হন। আহত মান্নান যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে শার্শার কন্যাদাহ বাজারে। নিহত আব্দুল মান্নান কন্যাদাহ গ্রামের আহার আলি মেম্বরের ছেলে। এ সময় সেখান থেকে জোদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামান।
ওসি মনিরুজ্জামান জানান, 'মাদকের আসর বসেছে' এমন সংবাদ পেয়ে কন্যাদাহ বাজারে অবস্থিত আহার আলির দোতলা বিল্ডিং ঘেরাও করা হয়। ওই সময় মান্নান ও মিলন নামে দু'জন দোতলার জানালা দিয়ে লাফ মেরে পালানোর চেষ্টা করে। তখন মান্নান দোতলার কার্নিশে মাথায় মারাত্মক আঘাত পায়। পরে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় সেখান থেকে মিলন পালিয়ে গেলেও আটক করা হয় জদ্দিন নামে একজনকে। তারা ওখানে মাদক সেবন করছিল বলে জানান তিনি।
ওসি বলেন, নিহত মান্নানের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/জামান
