মুন্সীগঞ্জ সদর উপজেলার সরাদি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে রোহান (৫) ও জুনায়েদ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে তাদের মাসহ তিনজন আহত হয়েছেন।শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, জুনায়েদের মা মাকসুদ বেগম ও রোহানের মা মালতি বেগম এবং রহুল আমিন সরকার। তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি ইউনুছ আলী জানান, বিয়ের অনুষ্ঠান চলাকালে ওই শিশুরা খেলা করছিল। এক পর্যায়ে পাশের পুকুরে তারা পড়ে যায়। আর ওই পুকুরেই পড়েছিল বিদ্যুতের ছেড়া তার। দুই জনের মা এবং এক প্রত্যক্ষদর্শী তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন। পরে শিশু দুটিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রোহান সরাদি গ্রামের কামাল মিয়ার ছেলে। জুনায়েদ একই গ্রামের নুরজ্জামানের ছেলে।
ইত্তেফাক/জামান
