৩২ হজযাত্রীর ৮০ লাখ টাকা নিয়ে পালিয়েছে শরীফ ট্রাভেলস

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০৯:২৭
 
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩২ জন হজযাত্রীর বিমান ভাড়া ও অন্যান্য ব্যয় বাবদ প্রায় ৮০ লাখ টাকা নিয়ে পালিয়েছে ‘শরীফ এয়ার ট্রাভেলস’ নামের একটি ট্রাভেল এজেন্সি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শরীফুল ইসলাম বিমানের টিকেট না দিয়েই টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ওই ৩২ হজযাত্রীর। এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন প্রতারণার শিকার হজযাত্রীরা।
 
নিরুদ্দেশ শরিফুল ইসলামের সহযোগী কর্মচারী মাওলানা মো. মহসিন আলী জানান, গত ৬ আগস্ট রবিবার সন্ধ্যায় শরিফুল ইসলাম আমাকে ঢাকায় হজ এজেন্সি ‘আজিজিয়া ইন্টারন্যাশনাল’ অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার কথা বলে চলে যান। এরপর তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাই এবং খোঁজ-খবর করে তাকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে অভিযুক্ত শরীফুলের বড় স্ত্রী হাজেরা বেগম জানান, তিনিও স্বামীর ফোন বন্ধ পাচ্ছেন।
 
এ ব্যাপারে হজযাত্রী ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণপুর (মরিচা) গ্রামের জাহাঙ্গীর আলম প্রতারণার শিকার  ৩২ জন হজযাত্রীর পক্ষে গত বুধবার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন শুক্রবার বিকেলে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বুধবারই বিষয়টি দিনাজপুর জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং ঘোড়াঘাট থানাকে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআর