ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে আখাউড়ার কয়েকটি গ্রাম প্লাবিত

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১২:২৪
টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। পানিতে তলিয়ে যাচ্ছে জমিসহ এলাকার রাস্তাঘাট। শুক্রবার দুপুর থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়তে থাকে। ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। 
 
স্থানীয় লোকজন জানান, স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খালটি দিয়ে ভারতীয় ঢলের পানি বাংলাদেশে প্রবেশ করছে। এতে করে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর ও বঙ্গেরচর গ্রামের জমি ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
 
দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খাল দিয়ে আসা পানি সামনের দিকে সরতে পারছে না। যে কারণে কয়েকটি গ্রামে পানি ঢুকে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।  
 
এদিকে বিকালে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান ও পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল স্থলবন্দরসহ পানি কবলিত এলাকা পরিদর্শন করেন।IMG0
 
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান জানান, পানি ঢুকে পড়া গ্রামে যাদের বসতঘর ঝুঁকিপূর্ণ (মাটিরঘর) তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরিয়ে আনা হচ্ছে। তাছাড়া ত্রাণ প্রক্রিয়ার কার্যক্রমও শুরু হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই