অবশেষে বিদ্যুতের আলো যশোরের দেউলী গ্রামে

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৬:৩২
ঐতিহ্যবাহী যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম দেউলী। সন্ধ্যা হলেই গ্রামটি ডুবে যেত নিকষ অন্ধকারে। তবে আজ থেকে সে চিত্র পাল্টে গেল। স্বাধীনতার ৪৬ বছর পর বিদ্যুতের আলো জ্বলে উঠেছে গ্রামটিতে। তাই ১২ আগষ্ট ২০১৭ দেউলী বাসীর কাছে ঐতিহাসিক দিন।
 
বাংলাদেশ স্বাধীনের ৪৬ বছরে কত সরকার এসেছে, আবার চলে গেছে কিন্তু বিদ্যুতের আলোয় আলোকিত হয়নি এই প্রত্যন্ত গ্রাম দেউলী। বিদ্যুতের দাবী নিয়ে এতটা কাল অপেক্ষা করতে হয়েছে তাদের। অবশেষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির এর প্রচেষ্টায় বিদ্যুতের আলো জ্বলে উঠল দেউলী গ্রামে। গ্রামের শিশু, আবাল, বৃদ্ধ, বণিতা মহা আনন্দ প্রকাশ করেছে। তাদের আনন্দে দেউলী এলাকা ছিল উৎসবমুখর।
 
শনিবার সকাল সাড়ে ১১ টায় যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির সুইচ চেপে বিদ্যুতের আলোয় আলোকিত করে গ্রামটি। স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে দেউলী গ্রামের বিদ্যুৎ সঞ্চালন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
 
অনুষ্ঠানে সংসদ সদস্য মনিরুল বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশের যত বড় বড় উন্নয়ন হয়েছে, তা একমাত্র শেখ হাসিনায় করেছে। তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশে পরিণত হতে চলেছে। দেশের প্রতিটি ক্ষেত্রে অভাবণীয় উন্নয়ন হয়েছে যে আমেরিকা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল, সেই আমেরিকায় আজ আবার বাংলাদেশকে উপচেপড়া ঝুড়ি বলছে। ইতিমধ্যে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে।
 
IMG0
 
তিনি বলেন, ২০১৭ সালের মধ্যে উপজেলার প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। উন্নয়ন কাজে আপনাদের পাশে আছি এবং আগামীতে থাকতে চায়। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
 
নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, র্শশা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হুমায়ুন কবীর, ইউপি সদস্য সোলাইমান হোসেন, মুজিবুর রহমান, মরিয়ম বেগম প্রমুখ।
 
IMG1
 
 
বিদ্যুৎ উদ্বোধন শেষে কথা হয় গ্রামের ষাটোর্ধ্ব বয়স্ক উত্তর দেউলী গ্রামের ইউসুফ আলী মুন্সি ও মহিরউদ্দীনের সাথে। তারা আবেগের সাথে বলেন, মরার আগে গ্রামের বিদ্যুৎ দেখে যেতে পালাম। এটা খুব আনন্দেও বিষয়। বিদ্যুৎ না থাকার কারণে আমরা অনেক সমস্যার মধ্যে পড়তাম। বিশেষ করে ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপক সমস্যা হতো। আজ থেকে গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হবে। এজন্য শেখ মুজিবের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরকে অনেক ধন্যবাদ। 
 
প্রসঙ্গত, এই প্রকল্পে সরকার ১৯ লক্ষ ৩৫ হাজার ৬শ টাকা ব্যয়ে ১.৬১৩ কিলোমিটার বিদ্যুৎ ১০৯ টি পরিবারকে প্রদান করা হলো। 
 
ইত্তেফাক/রেজা