ভূরুঙ্গামারীতে বন্যায় ১০টি ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় ৭০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার শিলখুড়ি সীমান্তে ভারতের তুফানগঞ্জে কালজানি নদীর উপর নোটাফেলা বাঁধ খুলে দেয়ায় ওই ইউনিয়নের কাজিয়ার চর উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ তিলাই গ্রাম তলিয়ে গেছে। বলদিয়া ইউনিয়নে দুধকুমর নদের পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এলাকাবাসী বলদিয়া কলেজ ও বলদিয়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিচ্ছে। নদীর তীরবর্তী এলাকাগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে পড়ায় বন্যার্ত মানুষজন আশ্রয় নিতে পারছেনা। বলদিয়া ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান জানিয়েছে নৌকা না থাকায় জনসাধারণকে উদ্ধার করা অসুবিধা হচ্ছে। শালঝোড় বিজি ক্যাম্পে পানি ঢুকে পড়েছে। ওই এলাকায় বিজিবির স্পিডবোট উদ্ধারে সহায়তা চালিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম জানান, তিনি বন্যাকবলিত এলাকায় রয়েছেন এবং জেলা প্রশাসককে বিস্তারিত জানানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
