মহাস্থান সেতু দিয়ে ১৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৮:১৮
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে বগুড়া-রংপুর মহাসড়কের করতোয়া নদীর ওপর হাতিবান্ধা সেতুর ক্ষতিগ্রস্থসহ ৬০ ফুট অংশে বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। 
 
ইতোমধ্যেই সেই কাজ চলছে। ফলে সেতুর ফাটল সংস্কারে সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। সংস্কারের কাজের সুবিধার্থে শনিবার (১২ আগস্ট) রাত ৮টা থেকে পরদিন রবিবার (১৩ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। 
 
শনিবার বিকেলে বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামন বিষয়টি নিশ্চিত করে জানান, সেতুর মাঝ বরাবর নিচে গার্ডার দেবে গিয়ে বিমে ফাটল ধরেছে। পাশাপাশি চারটি পাটাতনের মধ্যে মাঝেরটি দেবে যাওয়ায় সেতু ফাটল দেখা দিয়েছে। চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়ে রয়েছে সেতুটি। এতে সেতুর কমপক্ষে ৪০ ফুট অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে অনুযায়ী সেতুর ক্ষতিগ্রস্তসহ ৬০ ফুট অংশে বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি