মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক হাফিজ উদ্দিনকে (৬৭) গ্রেফতার করেছে র্যাব-১৪। শনিবার দুপুরে তাকে ইটনা উপজেলার বর্শীকুড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
হাফিজ উদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. হাসান মোস্তফা স্বপন। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার খুদিরজঙ্গল গ্রামে।
হাফিজ উদ্দিন বর্শীকুড়া গ্রামে তার মেয়ের জামাইয়ের বাড়িতে অবস্থান করছে মর্মে র্যাব গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায়। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে সে পার্শ্ববর্তী তালেব আলীর ঘরের মাচার উপরে উঠে লুকিয়ে থাকে। পরে র্যাব সেখান থেকে তাকে গ্রেফতার করে।
২০১৬ সালের ৩মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল '৭১ সালে করিমগঞ্জে সংঘটিত হত্যা, অপহরণ ও অগ্নিসংযোগের মামলায় হাফিজউদ্দিনসহ চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রদান করেন। তারমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শামসুদ্দিন আহমেদ কারাগারে আছেন এবং তার ভাই নাসিরউদ্দিন আহমেদ ও আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আজহারুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি গাজী আব্দুল মান্নান গত বছরের ১৯ ডিসেম্বর পলাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইত্তেফাক/জামান
