পিরোজপুর ভান্ডারিয়ায় চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মাদার্সী বেইলি ব্রিজ শুক্রবার রাতে পাথর বোঝাই দু’টি ট্রাকের ভারে ভেঙে গেলে ১১টি রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ব্রিজটি মেরামত করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আড়াইটার দিকে ধারণ ক্ষমতার অতিরিক্ত পাথর বোঝাই দুটি ট্রাক চরখালী থেকে পাথরঘাটার দিকে যাওয়ার সময় ব্রিজে পরপর উঠে পড়লে ব্রিজটি ভেঙে যায়।
ব্রিজটি ভেঙে পড়ায় দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকাসহ মঠবাড়িয়া-পাথরঘাটা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, বরিশাল, যশোর, চট্টগ্রাম, ঝালকাঠী, ভান্ডারিয়া, কাঠালিয়া, আমুয়াসহ ১১টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এ সময় তিনি জানান, ব্রিজটি সংস্কার না হওয়া পর্যন্ত সাধারণ ও দূরপাল্লার যাত্রীদের পারাপারের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে নৌকার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়ভাবে ট্রাক দু’টি অপসারণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের ভান্ডারিয়ার উপ-সহকারী প্রকৌশলী মো. ফকরুল ইসলাম জানান, প্রায় ৭০ টন পাথর বোঝাই (পটুয়াখালী ট-১১-০০৬৫ ও পিরোজপুর ট-১১-০২১১) দুটি ট্রাক একত্রে ব্রিজে উঠলে প্রায় ১শ ফুট লম্বা সিংগেল অ্যাঙ্গেল দিয়ে নির্মিত ব্রিজটি ভেঙে যায়।
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফজলে রাব্বী জানান, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন। নজরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে চেইনকপ্পা পদ্ধতি ব্যবহার করে ট্রাক দু’টি সরিয়ে নেওয়ার জন্য কাজ চলছে। তিনি আরও জানান, গোপালগঞ্জ থেকে অব্যবহূত একটি বেইলি ব্রিজ খুলে এনে দুর্ঘটনা কবলিত মাদার্সী ব্রিজটি মেরামত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
